উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাটোর রেলস্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার কিরিলের ল্যাপটপটি উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে নাটোর সদর থানায় আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। শহরের কাপুড়িয়া পট্টি এলাকার নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত ৮ অক্টোবর সকালে নাটোর শহরের কাপুড়িয়া পট্টির বাসিন্দা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নওগাঁ যাওয়ার সময় সিটের নিচে একটি ব্যাগ পান। পরে সংবাদমাধ্যমে জার্মান তরুণ পর্যটকের ল্যাপটপ হারানোর খবর দেখে অমল সাহা তার ছেলে অন্তরকে বিষয়টি জানান। রোববার রাতে অন্তর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ল্যাপটপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার হওয়ার খবর জার্মান পর্যটককে জানানো হলে তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। তবে ব্যাগটি পাওয়ার চার দিন পর কেন পুলিশকে জানানো হলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।
উল্লেখ্য, বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন শেষে ভারত যাওয়ার উদ্দেশে বগুড়া থেকে সান্তাহার হয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলস্টেশনে নামেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। সেখানে ওয়েটিং রুমে অবস্থানকালে রেলকর্মী পরিচয় দেওয়া এক প্রতারক যুবক তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। পরে ল্যাপটপ ও প্রয়োজনীয় মালামালসহ ব্যাগ রেখে টিকিট কাটতে গেলে চোর চক্রের ওই সদস্য ব্যাগটি নিয়ে চম্পট দেয়।
এদিকে ল্যাপটপ ও প্রয়োজনীয় মালামাল নিয়ে পালিয়ে যাওয়া অভিযুক্ত যুবককে চিহ্নিত করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তাকে ধরিয়ে দিতে বা সঠিক তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। শনিবার (১০ অক্টোবর) রাতে নাটোর ও আব্দুলপুর রেলস্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে অভিযুক্তের ছবি সংবলিত পোস্টার সাটিয়েছে তারা। অভিযুক্তকে গ্রেফতরে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।