উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের চলমান নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে তিন জেলেকে ২৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় একটি নৌকা ও এক হাজার মিটার জাল জব্দ করা হয়।
রোববার (১১ অক্টোবর) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের উত্তরাংশের সোনাপুর স্লুইসগেট এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে তাঁদের আটক করা হয়। পরে সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তজুমদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তড়িৎ চন্দ্র শীল।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন— তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা মো. কবির, মো. সোলাইমান ও মো. শাহীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনা নদীতে যৌথ টহল পরিচালনার সময় নিষিদ্ধ এলাকায় ইলিশ শিকাররত অবস্থায় ওই তিন জেলেকে আটক করা হয়। উদ্ধারকৃত এক হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দ করা নৌকাটির বিষয়ে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে ও সরকারি নিষেধাজ্ঞা সফল করতে মেঘনা নদীতে দিন-রাত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।