উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শিক্ষার মানোন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া বঞ্চিত মানুষকে মূলধারায় ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে তিনি তরুণ শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আহ্বান জানান।
রোববার দুপুরে ময়মনসিংহ শহরের আকুয়ায় একটি রিসোর্টে সিটি করপোরেশন আয়োজিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'সৃষ্টি সুখের উল্লাসে' শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন।
প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী বলেন, "তোমরাই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ, তোমরাই পারবে বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করতে। মেধাবী শিক্ষার্থীরা জানে তারা আগামী বাংলাদেশকে কেমন দেখতে চায়। প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনার সঙ্গে তাল মিলিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।"
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠার জনদাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের সার্বজনীন প্রত্যাশা পূরণে সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বৃহৎ এই প্রক্রিয়া বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। তাই সবাইকে ধৈর্য ধরে কাজ করার আহ্বান জানান তিনি।
এভিয়েশন খাতের সমালোচনা নিয়ে মন্ত্রী বলেন, "বহরে নতুন ৩৫টি বিমান যুক্ত করতে অন্তত ১০ বছর সময় লাগবে। বর্তমান উড়োজাহাজগুলো যখন অচল হবে, তখন খাতটি কীভাবে চলবে? এই দূরদর্শী চিন্তা বিগত সরকারের ছিল না।"
এছাড়া আঞ্চলিক পর্যটন বিকাশে নেত্রকোনার বিরিশিরিকে একটি আধুনিক পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন মন্ত্রী। তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা হবে এবং নির্বাচনি ইশতেহার অনুযায়ী সকল প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এবং ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।