উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লায় পাম্পে অবৈধভাবে সিলিন্ডার গ্যাস রিফিল করার অপরাধে ‘মেসার্স জান্নাত ফিলিং স্টেশন’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ পরিদপ্তর।
রবিবার (১১ অক্টোবর) জেলার ঝাগরজুলি, বুড়িচংয়ের কোরপাই এবং দিঘির পাড় এলাকায় পরিচালিত এক বিশেষ তদারকি অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ পরিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, জান্নাত ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বিভিন্ন নামিদামি কোম্পানির গ্যাস সিলিন্ডারে এলপিজি রিফিল করে আসছিল। এমন অসংখ্য সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবিবার ঝাগরজুলি এলাকার ওই পাম্পে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে রিফিলের অবৈধ ডিভাইসসহ পাম্প কর্তৃপক্ষকে ধরা হয়।
পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী মেসার্স জান্নাত ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য সতর্ক করা হয়। পুনরায় এ ধরনের অপরাধ করলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
অভিযানকালে ঝাগরজুলি ও কোরপাই এলাকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারও তদারকি করা হয়।
উক্ত অভিযানে জেলা পুলিশের একটি চৌকস টিম, সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির প্রতিনিধি এবং কুমিল্লা ডিলার মালিক সমিতির নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।