উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের ব্যবস্থাপনায় কুমিল্লা সদর উপজেলার আফজল খান জালুয়াপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শাক সবজির বীজ বিতরন অনুষ্ঠান ও আলোচনা সভা ৮ অক্টোবর বিকাল তিনটায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক বিদ্যালয় পরিদর্শক রোটা. প্রফেসর মো: আজহারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের ফাউন্ডার ও কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান রোটা. পিপি প্রফেসর মো. জামাল নাছের।
রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের সেক্রেটারি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন ও আফজল খান জালুয়াপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুল হান্নান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানের চেয়ারম্যান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রোটা. রিতা চক্রবর্তী, আফজল খান জালুয়াপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. জোস্না আক্তার, স্বাগত বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আইপিপি রোটা.পিপি আবদুল্লাহ আল মামুন।
প্রফেসর মো. জামাল নাছের বলেন, একটি বীজ থেকে একটি গাছ হয়, গাছ শুধু অক্সিজেনই দেয় না; সুষম খাদ্য দেন, পুষ্টিযুক্ত শাক সবজি দেয়, এটি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, মাটি ক্ষয় রোধ করে, জীববৈচিত্র্য সংরক্ষণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রফেসর মো: আজহারুল ইসলাম বলেন, আজ যারা বীজ গ্রহণ করবেন, তারা শুধু বীজ লাগিয়েই দায়িত্ব শেষ করবেন না; বরং নিয়মিত পরিচর্যার মাধ্যমে বীগগুলোকে গাছে রুপান্তর করে বড় করে তুলবেন, যাতে গাছ থেকে সবজী পাওয়া যায়| একটি সবজির বীজ রোপণ মানে আগামী দিনের পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরন।
রীতা চক্রবর্তী বলেন, শুধু বীজ ও গাছ লাগানোই যথেষ্ট নয়; তার যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। পরিবার, সন্তান এবং সমাজের প্রতিটি মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে| আমাদের প্রত্যেকের ছোট ছোট উদ্যোগই একদিন সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারে।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, একটি বীজ শুধু একটি চারা নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ খাবার ও পরিবেশের ভিত্তি। শাক সবজির গাছ আমাদের ভিটামিন দেন, অক্সিজেন দেয়, কার্বন ডাই-অক্সাইড শোষণ করে, পরিবেশের তাপমাত্রা কমায়, বন্যা ও ভূমিক্ষয় রোধে সহায়তা করে এবং অসংখ্য প্রাণীর আশ্রয়স্থল তৈরি করে।
আলোচনা সভা শেষে আফজল খান জালুয়াপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে লাউ, কুমড়া,শীম এর বীজ বিতরন করা হয়|