উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
‘বস্তুগত উপহারের চেয়ে বই উপহার অনেক বেশি অর্থবহ, কারণ এটি মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করে এবং চেতনার বিকাশ ঘটায়।’— এই মূলসুরকে ধারণ করে সমাজ ও সংস্কৃতিতে বই পড়া ও উপহার দেওয়ার ইতিবাচক ধারাক্রম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আজ বিকেলে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার কার্যালয়ে ‘জাগুয়ার মুক্ত স্কাউট গ্রুপ’-এর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের আগামী ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত ৩ দিনব্যাপী কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে ইউএনও অশোক বিক্রম চাকমার পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের বই উপহার দেওয়া হয়। উপহারপ্রাপ্তদের মধ্যে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রফেসর মো. খোরশেদ আলম, সংগঠনের সমন্বায়ক বিপ্লব খন্দকার এবং সাংবাদিক ও লেখক এবিএম আতিকুর রহমান বাশার।
বই হস্তান্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এবিএম আতিকুর রহমান বাশার বলেন, “চলমান সংস্কৃতিতে আমরা নানা ধরনের বস্তুগত উপহার দিয়ে থাকি, কিন্তু বই উপহার দেওয়ার আনন্দ ও এর ইতিবাচক প্রভাব চিরস্থায়ী। উপহার হিসেবে বই পাওয়া মানুষকে জ্ঞান অন্বেষণে দারুণভাবে উদ্বুদ্ধ করে।”
তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ ও উপহারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বস্তুগত উপহারের প্রথা থেকে বেরিয়ে এসে একে অপরকে বই উপহার দেওয়ার সংস্কৃতি গড়ে তোলা এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।