উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে ভারতের কাছ থেকে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নদীর পানির ন্যায্য পাওনা আদায়ে ভারতের সঙ্গে আলোচনায় বাংলাদেশের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকার জনগণের সঠিক প্রতিনিধিত্ব করতে পারে না। সে কারণেই বিগত আওয়ামী লীগ সরকার ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।"
তিনি আরও জানান, ভারতের সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত পানিবণ্টন সমস্যা সমাধানে বাংলাদেশের পূর্ণ সদিচ্ছা রয়েছে এবং এ বিষয়ে ইতোমধ্যেই প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই ভারতের কাছ থেকে এই বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আরও উল্লেখ করেন, বর্তমানের এই দ্বিপাক্ষিক আলোচনা ভবিষ্যতে গঙ্গা চুক্তিসহ অন্যান্য পানি চুক্তি নবায়ন ও নতুন চুক্তির পথ সুগম করবে। তবে এটি একতরফা কোনো বিষয় নয় স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বাংলাদেশের ধারাবাহিক প্রচেষ্টার পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রের পক্ষ থেকেও সমপর্যায়ের সহযোগিতা ও লিখিত প্রতিশ্রুতি অত্যন্ত প্রয়োজন।"