উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোলার লালমোহনে একটি কাভার্ডভ্যানসহ ৯ হাজার লিটার (৫০ ব্যারেল) অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় লালমোহন থানা পুলিশ উপজেলার মিনা চানাচুর ফ্যাক্টরিতে বিশেষ অভিযান চালিয়ে এই তেল উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা-চরফ্যাশন মহাসড়কের পাশে ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব রোডে অবস্থিত মিনা চানাচুর ফ্যাক্টরির সামনে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সড়কে ২২ ব্যারেল তেলসহ একটি কাভার্ডভ্যান রেখে চালক পালিয়ে যান। পরে পুলিশ কাভার্ডভ্যানটি তল্লাশি করে ভেতরে থাকা একটি ড্রাইভিং লাইসেন্সসহ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ফ্যাক্টরির ভেতরে গোডাউনে তল্লাশি চালিয়ে আরও ২৮ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মিনা চানাচুর ফ্যাক্টরির মালিক হেলাল উদ্দিন ও নাজিম উদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে লালমোহন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে ফ্যাক্টরির মালিক হেলাল উদ্দিন মানবদেহের জন্য ক্ষতিকর এই অপরিশোধিত ও ভেজাল সয়াবিন তেল দিয়ে চানাচুর তৈরি ও বাজারজাত করে আসছিলেন। যা খেয়ে সাধারণ মানুষ বিভিন্ন শারীরিক জটিলতা ও রোগে আক্রান্ত হচ্ছেন।
অভিযানের বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে ভোলা জেলা পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) পেজে জানানো হয়, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় ভোলা জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে।