উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ (দেবীদ্বার) আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী, জেলা গণঅধিকার পরিষদের (জিওপি) সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সদস্য পদ স্থগিত করেছে জিএসপি কেন্দ্রীয় কমিটি। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর থেকে এ-সংক্রান্ত নোটিশ জারি করা হয়। নোটিশে দলের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুনের নির্দেশক্রমে তাঁর সদস্য পদ স্থগিত করার কথা উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, মোঃ জসিম উদ্দিনের বিরুদ্ধে ‘গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ’ এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে তাঁর লিখিত বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে নোটিশে জসিম উদ্দিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়নি। নাম না প্রকাশের শর্তে বিএনপির একজন সমর্থক জানান, চাকরি দেয়ার নামে আর্থিক সুবিধা আদায়ের অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হতে পারে।
গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইঞ্জি. সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল না করলে বা জবাব সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ বিষয়ে কথা বলতে জসিম উদ্দিনের মোবাইল ফোনে একাধিক বার ফোন করেও কথা বলা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি দলীয় সাবেক ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় কমিটির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর ঋণ খেলাপির দায়ে মনোনয়ন পত্র নির্বাচন কমিশন কর্তৃক বাতিল হলে, দলটির বিকল্প প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিনকে সমর্থনদেয়া হয়। ওই আসনে ১১ দলীয় জোট প্রার্থী এনসিপি’র দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহর শাপলা কলা প্রতীকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জসীম উদ্দিন ৪৯,৮৮৫ ভোট পেয়েছিলেন।