প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে কার্যকর
নিজস্ব প্রতিবেদক,ঢাকাসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বহুল প্রতীক্ষিত দশম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা অবশেষে কার্যকর হচ্ছে। পদটি দশম গ্রেডে উন্নীত করার প্রায় ১০ মাস পর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত বেতন নির্ধারণ পদ্ধতি চালুর চূড়ান্ত আদেশ জারি করেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) অর্থ বিভাগের বাস্তবায়ন-২ অনুবিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরার স্বাক্ষরে এ আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে নির্ধারণে সমন্বিত অনলাইন আর্থিক ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি (আইবাস++) সফটওয়্যারে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পাবেন না আগের বকেয়া
২০২৫ সালের ১৫ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১০মে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছিল। ফলে গত বছরের ডিসেম্বর থেকে প্রধান শিক্ষকরা বর্ধিত বেতনের প্রহর গুনছিলেন। তবে আদেশে বকেয়া বেতন নিয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে—প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ (জিও) জারির পূর্ববর্তী সময়ের কোনো আর্থিক বকেয়া প্রদান করা হবে না। অর্থাৎ, জিও জারির আগে থেকে কার্যকর ধরা হলেও ওই সময়ের বকেয়া টাকা পাওয়ার সুযোগ থাকছে না।
বেতন স্কেলে বড় পরিবর্তন
নতুন স্কেল অনুযায়ী, দশম গ্রেডে একজন প্রধান শিক্ষকের শুরুর মূল বেতন হবে ৩২ হাজার টাকা, যা ধাপে ধাপে সর্বোচ্চ ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত পৌঁছাবে। এর আগে ১১তম গ্রেডে শুরুর মূল বেতন ছিল ১২ হাজার ৫০০ টাকা (সর্বোচ্চ ৬০, ৫০০ টাকা) এবং ১২তম গ্রেডে শুরুর মূল বেতন ছিল ১১ হাজার ৩০০ টাকা (সর্বোচ্চ ৫৮, ৭০০ টাকা)।
সহকারী শিক্ষকদের দাবি এখনো ঝুলে
এদিকে প্রধান শিক্ষকদের সমস্যার সমাধান হলেও সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীত করার দাবিতে কোনো সুসংবাদ নেই। বর্তমানে তারা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে (যার শুরুতে মূল বেতন ২৪ হাজার টাকা) রয়েছেন।
তাদের বেতন ১৩তম থেকে ১১তম গ্রেডে উন্নীত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হলেও মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ বিভাগ থেকে এখনো কোনো অগ্রগতি হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষকদের বেতন দুই ধাপ বাড়িয়ে ১১তম গ্রেড করা হলে সরকারের প্রতি বছর অতিরিক্ত প্রায় ৮৩১ কোটি ৯১ লাখ টাকা খরচ হবে।
উল্লেখ্য, বর্তমানে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৮০ হাজারের বেশি শিক্ষক কর্মরত আছেন। এছাড়া সম্প্রতি নিয়োগপ্রাপ্ত প্রায় ১৪ হাজার নতুন সহকারী শিক্ষককে আগামী ১১ অক্টোবর পদায়ন করার কথা রয়েছে।
Publisher: bengaltimes LLC, USA.
|
Editor: Masud Alam Chowdhury
Editor Office: 117, Manchester Ave, Paterson, New Jersey, Postcode: 07502, US - United States.
Email: editorbengaltimes@gmail.com, newsbengaltime@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।