উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের পাথরঘাটা সান শাইন পাবলিক স্কুলে এক উৎসবমুখর পরিবেশে বিশ্বতান সঙ্গীত নিকেতন এর পাথরঘাটা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। ৩ অক্টোবর শনিবার বিকেলে ফিতা ও কেক কেটে এবং এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন শাখার শুভ সূচনা করা হয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে নতুন শাখার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম ট্যাক্সেস বারের সিনিয়র আয়কর আইনজীবী মোহাম্মদ জাহিদ হোসেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের পক্ষ থেকে তাকে বিশেষ সংবর্ধনা ও আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নতুন শাখার হেড অব দ্য ডিপার্টমেন্ট পিউ বড়ুয়ার প্রাণবন্ত উপস্থাপনা ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক বিশ্বতানের সভাপতি অপর্ণা চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান শাইন পাবলিক স্কুলের প্রিন্সিপাল সালেহা বেগম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের নৃত্যকলা শাখার প্রশিক্ষক ও শুভাকাঙ্ক্ষী হিল্লোল দাশ সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রশিক্ষক রূপম চক্রবর্ত্তী, সঙ্গীত প্রশিক্ষক মিতালি রায় এবং বাচিক শিল্পী এডভোকেট রোজিনা পারভীন। এছাড়া অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা স্বপন তালুকদার, প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা, সাংগঠনিক সম্পাদক নিভূ সেন, সাংস্কৃতিক সম্পাদক রুনা বড়ুয়া, আইন সম্পাদক এডভোকেট রুমি রায় চৌধুরীসহ চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে প্রতিষ্ঠানের মিউজিক থেরাপি, নতুন সেশনের ভর্তি প্রক্রিয়া এবং এই প্ল্যাটফর্মটির অরাজনৈতিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হয় বলে অথিতিরা জানান।