প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিকারের অভিযান: পরিমাপে কম ও বেশি দামে পণ্য বিক্রিতে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা
সিএনজি/পেট্রোল পাম্পে মাপে কম দেওয়া এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে কুমিল্লায় দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টা থেকে ঝাগরজুলি, পদুয়ার বাজার বিশ্বরোড এবং কৃষ্ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঝাগরজুলি এলাকার এস কে ফিলিং স্টেশনকে জ্বালানি তেলে পরিমাপে কারচুপি এবং অতিরিক্ত মূল্য নেওয়ার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তদারকিকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রতি ৫ লিটার অকটেনে ১২০ মিলি, পেট্রোলে ১৩০ মিলি এবং ডিজেলে ১১০ মিলি করে তেল কম দিচ্ছিল।
অন্যদিকে, একজন সচেতন ভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে ঝাগরজুলির রোড স্টার হোটেলের ‘মাহি ফুড কর্ণার’ নামক একটি কনফেকশনারিতে অভিযান চালানো হয়। সেখানে ২৫ টাকার ২৫০ মিলি সফট ড্রিংকস (ডিউ) ৩০ টাকায় বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আইনের বিধান অনুযায়ী আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ হিসাব করে অভিযোগকারী ভোক্তাকে ৭ হাজার ৫০০ টাকা পুরস্কার/প্রণোদনা হিসেবে হস্তান্তর করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া। অভিযান পরিচালনাকালে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতায় ছিল জেলা পুলিশের একটি টিম।
সহকারী পরিচালক মো: কাউছার মিয়া জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এলপিজি সিলিন্ডার গ্যাস সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে; অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Publisher: bengaltimes LLC, USA.
|
Editor: Masud Alam Chowdhury
Editor Office: 117, Manchester Ave, Paterson, New Jersey, Postcode: 07502, US - United States.
Email: editorbengaltimes@gmail.com, newsbengaltime@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।