উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কলোনির ৮টি কক্ষের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় মোঃ আলমগীর হোসেনের মালিকানাধীন কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে কলোনির একটি তালাবদ্ধ কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ৮টি কক্ষের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কক্ষগুলো তালাবদ্ধ থাকায় ভেতরের কোনো জিনিসপত্র বের করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত কলোনির মালিক আলমগীর হোসেন জানান, "আগুনে আমার কলোনির ঘরে থাকা আলমারি, খাট, শোকেস, ফ্রিজ, ফ্যানসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে আসল কারণ নিশ্চিত করা হবে।