উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খাগড়াছড়ি জেলা শহরের ইসলামপুর এলাকার একটি বসতবাড়ি থেকে একটি বিরল প্রজাতির চিতা বিড়াল উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তিতে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে। উদ্ধারের সময় চিতা বিড়ালটি বন বিভাগের দুই কর্মীকে কামড়ে আহত করে। প্রাথমিক উদ্ধারের পর প্রাণীটিকে খাগড়াছড়ির আলুটিলা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি রেঞ্জের কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।
তবে তড়িঘড়ি করে বন্যপ্রাণী অবমুক্তকরণের এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল জানান, উদ্ধার করা চিতা বিড়ালটিকে কিছুটা অসুস্থ মনে হচ্ছিল। যেকোনো বন্যপ্রাণী উদ্ধারের পর সঙ্গে সঙ্গে অবমুক্ত না করে রিহ্যাবিলিটেশন সেন্টারে রেখে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া উচিত। বন বিভাগের নিজস্ব কোনো বন্যপ্রাণী চিকিৎসা কেন্দ্র না থাকলেও পিটাছড়ায় এই সুরক্ষা সুবিধা রয়েছে বলে তিনি জানান।