উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মহাপবিত্র ঈদ-ই-মীলাদুন্নবী (সাঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে এবং মরহুম হাজী মোহাম্মদ ইদ্রিছ বখশী, মরহুম মোহাম্মদ সামাদুর রহমান বখশীসহ সকল মরহুম আত্মীয়-স্বজন ও মুসলিম কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় কুমিল্লায় এক নূরানী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে নগরীর হাউজিং রোডস্থ হযরতপাড়ার বখশী মঞ্জিলে দিনব্যাপী এই আয়োজন শুরু হয়।
পবিত্র খতমে কুরআন মাহফিলের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়, যেখানে ৪০ জন কুরআনে হাফেজ অংশগ্রহণ করেন। এতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কুমিল্লা ইসলামিয়া আলীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা গোলাম মোস্তফা শাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী বখসিয়া দরবার শরীফের ছাহেবে সাজ্জাদানশীন ও হযরত নবী বখস (রহঃ) ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট আলহাজ্ব হযরত মাওলানা ছুফি শাহ্ মোহাম্মদ কুতুব উদ্দিন (খোদা বখস) শাহিদী বশী তেগী কাদেরী চিশতি নকশবন্দী সোহ্রাওয়ার্দী মাদ্দাজিল্লুহুল আলী।
খানকায়ে গাফ্ফারীয়া আস্তানায়ে ইউনুছ বখশীয়ার মুন্তাজিম এবং কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামা'আতের অফিস সেক্রেটারী আলহাজ্ব হযরত ছুফি শাহ্ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখশী তেগী কাদেরী চিশতি নকশবন্দী সোহরাওয়ার্দী মাদারী মাদ্দাজিল্লুহুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সুন্নী ওলামায়ে কেরাম, মাশায়েখে এজাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যান্য অতিথি ও দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন খাদেম মোঃ ফিরোজ, মাওলানা এম এ মান্নান, মাসুম বিল্লাহ মিয়াজী, প্রভাষক সাইদুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম আকবরী এবং কুমিল্লা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস।
মাহফিলের সূচী অনুযায়ী, আসর থেকে মাগরিব পর্যন্ত মহিলা মুরীদদের নসিহত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যাতে সভাপতিত্ব করেন শাহজাদীয়ে আরিফে বিল্লাহ মোহতারামা শাহজাদী জামিলা খাতুন ফারজানা গুলফাম।
মাগরিবের পর না'তীয়া কালাম ও মানকাবাত এবং এশার পর মিলাদ, কিয়াম ও ফাতেহা শরীফ পাঠ করা হয়। পরবর্তীতে ঢাকার প্রখ্যাত কাওয়াল মোহাম্মদ আশিক ও তাঁর দলের মনোজ্ঞ ছামা মাহফিল অনুষ্ঠিত হয়। রাত ১২টায় আখিরী মুনাজাত এবং উপস্থিত ভক্ত ও মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।
বখশী মঞ্জিল পরিবার পরিষদের আয়োজনে এবং খানকায়ে গাফ্ফারীয়া আস্তানায়ে ইউনুছ বখশীয়া, কুমিল্লার সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন হয়।