উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহ সংবাদপত্র জগতের প্রবীণ ব্যক্তিত্ব, ময়মনসিংহ সম্পাদক পরিষদের সভাপতি এবং 'দৈনিক সবুজ' পত্রিকার সম্পাদক আফসর উদ্দিন আর নেই। আজ শুক্রবার রাত ৮টায় ময়মনসিংহ নগরীর মহারাজা রোডস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার জোহরের নামাজ শেষে নগরীর বড় মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
দৈনিক সবুজ পত্রিকার সম্পাদকের প্রয়াণে ময়মনসিংহের সাংবাদিক পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ শোক বার্তা পাঠিয়েছেন।