উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঝিনাইদহের মহেশপুরে পাখিভ্যান ও দ্রুতিগামী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মামুন (২৭) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে দশটা দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লাপাড়া এলাকায় ভৈরবা-গাড়াপোতা সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক মোহাম্মদ মামুন (২৭) গাড়াপোতা গ্রামের আসাদুল ওরফে বীর বাহাদুরের জামাতা এবং তিনি শ্বশুরবাড়িতে থেকেই ভ্যান চালাতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুলোপাড়া এলাকার কুলোপাড়া জামে মসজিদের সামনে একটি পাখিভ্যান গন্তব্যের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টরের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মামুনের মৃত্যু হয়। এ সময় ভ্যানে থাকা অন্য তিন যাত্রীও গুরুতর আহত হন।
আহতরা হলেন—গাড়াপোতা গ্রামের মোঃ কামরুল হোসেন তার স্ত্রী ইসারন খাতুন এবং তাঁদের মেয়ে জান্নাতুল।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরবা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।