উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার দেবীদ্বারে একটি মুরগির খামার থেকে মাদক সেবনরত অবস্থায় এক যুবদল নেতাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শ্রীপুর গ্রামের বজলুর রহমান মাস্টারের ছেলে ও দেবীদ্বার উপজেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল হাই কায়সার (৫০)। অপর দুই যুবক হলেন একই গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল আজিজ(৩৬) ও ধলিপুস্কুরনী গ্রামের আব্দুল হালিমের ছেলে সোহেল (৩২)।
শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারের নির্জন স্থানে ওই তিন যুবক ইয়াবা সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বারের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।
আটক করার পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত যুবদল নেতা আব্দুল হাই কায়সারকে ৭ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের কারাদণ্ডাদেশ দেন। অন্য দুই যুবক আব্দুল আজিজ ও সোহেলকে ৬ হাজার ৫০০ টাকা করে জরিমানা এবং ৭ দিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী, জরিমানার টাকা অনাদায়ে প্রত্যেককে আরও ১৪ দিন করে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্তরা জরিমানার টাকা পরিশোধ না করায় তাদের সর্বমোট ২১ দিনের কারাদণ্ড দিয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এই ঘটনার পর নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বিএনপি নেতা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, দলের দায়িত্বশীল নেতারাই যদি মাদক সেবন ও বিক্রির সাথে জড়িয়ে পড়েন, তবে সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে। এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক ক্ষতিকর বলেও তিনি মন্তব্য করেন।
দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, তিনজনকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃতত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবনের দায়ে প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড এবং ১ জনকে ৭ হাজার টাকা ও অপর ২ জনকে ৬ হাজার ৫ শত টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। তারা জরিমানার টাকা পরিশোধ না করায়, ৭ দিনের সাথে আরো ১৪ দিন করে মোট ২১ দিনের কারাদন্ডাদেশ বহাল থাকায় আগামীকাল তাদের জেল হাজতে প্রেরন করা হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীপুর এলাকায় একটি মুরগির ফার্মে অভিযান চালিয়ে ৩ জনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদক সেবনের দায়ে প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড ও ৩ জনকে মোট ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে আরও ১৪ দিনের কারাদণ্ড সহ ২১ দিন করে দেওয়া হয়েছে।