উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অসীম সাহসিকতা, বীরত্ব, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সাহসিকতা)’ অর্জন করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় কর্মরত এসআই (নিরস্ত্র) জনাব অর্ণব বড়ুয়া।
গত ২৬ সেপ্টেম্বর (২০২৬) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক জমকালো পদক প্রদান অনুষ্ঠানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে এই সম্মাননা পদক তুলে দেন।
এসআই অর্ণব বড়ুয়া ২৫ জুলাই ২০২৫ হতে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়কালে সাহসিকতা প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে পারদর্শিতা এবং বিভিন্ন উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এ পদকে ভূষিত হলেন।
কুমিল্লা জেলা ডিবিতে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর মধ্যে রয়েছে— কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনতি ও তাঁর মায়ের আলোচিত ক্লুলেস ‘মা-মেয়ে’ হত্যা মামলায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার, বুড়িচংয়ের আলোচিত কলেজছাত্র তুহিন হত্যা মামলা, সদর দক্ষিণ এলাকার কিশোর গ্যাং কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ড এবং মনোহরগঞ্জের আলোচিত ক্লুলেস আলাউদ্দিন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ।
এছাড়া নোয়াখালী জেলার সুধারাম থানার আলোচিত স্বর্ণের দোকান চুরি মামলার রহস্য উদঘাটনসহ তিনি ৫৩ জন ডাকাতকে গ্রেপ্তার, ২৯টি ডাকাতি ও চুরি মামলার সমাধান এবং বিপুল পরিমাণ অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেন। সাইবার স্পেসে পর্নোগ্রাফি প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের মাধ্যমেও আসামি গ্রেপ্তার করেন তিনি।
মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে তাঁর নেতৃত্বে ২৩৮ কেজি গাঁজা, ১ লাখ ৪৭ হাজার ২৪০ পিস ইয়াবা, ৬২৫ বোতল ফেনসিডিল এবং মদ-বিয়ারসহ মাদক পরিবহনে ব্যবহৃত বিভিন্ন যানবাহন জব্দ করা হয়।
এসআই অর্ণব বড়ুয়ার এই গৌরবময় অর্জনে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম। তিনি জানান, অর্ণব বড়ুয়ার এই অর্জন কুমিল্লা জেলা পুলিশের জন্য অত্যন্ত গৌরবের এবং এটি অন্যান্য সদস্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।