উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে ম্যাগাজিন ও ১টি বিদেশী পিস্তলসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১, সিপিসি-২।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার কোতয়ালী মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দৌলতপুর গ্রামের মোঃ হুমায়ুনের ছেলে মোঃ ছামির ইসলাম (২০) এবং গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ মনজুরুল ইসলাম (৩০)।
এসআরবি-১১ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ এর একটি আভিযানিক দল গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসআরবি কর্তৃপক্ষ জানায়, হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর থেকে দায়িত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে হত্যা, ধর্ষণ, মাদক ও অস্ত্র সংক্রান্ত মামলার আসামিসহ প্রায় ২১ জন অপরাধীকে আইনের আওতায় এনেছে এসআরবি-১১। একই সাথে ৩টি অস্ত্র, গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৩ জন অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বাহিনীটি।