উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঝিনাইদহের মহেশপুরে মাদকসেবন ও জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— উপজেলার ভালাইপুর (ভালাইশ্বর) গ্রামের আতিয়ার রহমানের ছেলে মোঃ লাল চান (২৫) এবং যাদবপুর গ্রামের আব্দুল জাব্বারের ছেলে মোঃ শাহরিয়ার নাফিজ (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর (সোমবার) মহেশপুর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবন ও শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অপরাধে হাতেনাতে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে আলামত হিসেবে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন সাজা পরোয়ানা জারি করেন। এতে মাদকদ্রব্য (গাঁজা) সেবনের অপরাধে লাল চানকে (মামলা নং: মহেশ মিস ৯৭/২৬) ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ইয়াবা সেবনের অপরাধে শাহরিয়ার নাফিজকে (মামলা নং: মহেশ মিস ৯৮/২৬) ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামিদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমান জানান, মহেশপুর থানা এলাকায় মাদক নির্মূল, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।